ইসলামী শাসনব্যবস্থাই দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করবে- আজীজুর রহমান

দেশ আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট ও জুলুমের রাজনীতি চায় না; তারা চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছে। ফলে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীন ও বঞ্চিত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ পরিচালিত হবে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে—যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট ব্যবস্থা।
পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর,
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপির উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।






























