২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান; তুঙ্গে তৃণমূলের উন্মাদনা

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে উত্তরের এই জনপদে বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে বরণ করতে এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে ঠাকুরগাঁও জিলা স্কুলের বড়মাঠে বিশাল জনসভামঞ্চ।

​সবশেষ ২০০৩ সালে যখন ঠাকুরগাঁওয়ে এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। আজ ফিরছেন দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারক ও কাণ্ডারি হিসেবে।
​তারেক রহমানের সফরকে ঘিরে ঠাকুরগাঁও শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
​নিজ জেলায় নেতাকে স্বাগত জানাতে সব প্রস্তুতি তদারকি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নির্বাচনী জনসভায় মাঠে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি।

নেতার নির্দেশনার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ঠাকুরগাঁওয়ের হাজারো নেতাকর্মী।
ইতিমধ্যে জনসভা মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে হওয়ায় তারেক রহমানের এই সফর রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে তৃণমূল বিএনপি নতুনভাবে উজ্জীবিত হবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন।