পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশু ধর্ষণ মানববন্ধনে বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে স্লোগান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশু ধর্ষকের প্রতিবাদ ও ফাঁসির দাবি মানববন্ধনে বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার ‘কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় ঝাড়– ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ-মিছিলের সময় মানববন্ধন ব্যানারে এ স্লোগান দেওয়া হয়। এতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার টায়াগছ এলাকায় প্রতিবেশী এক ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধ জড়িত বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে থানায় মামলা না করে একটি মহল ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপোষ করিয়ে দেয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া ২ লাখ ৭০ হাজার টাকার মাধ্যমে নন জুডিসিয়াল স্ট্যাম্পে সহি সম্পাদনা করিয়ে দফারফার অভিযোগ সহ অন্যান্য ঘটনা তুলেও পোস্ট দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও অভিযুক্তদের বিচার ও কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর এক পর্যায় ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ভুক্তভোগী শিশুর দাদা আব্দুল আজিজ গত শনিবার দুপুরের দিকে বলেন, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াকে বিচার দিয়েছি উনি যা করে তাই, আমরা কিছুই বলতে পারবো না। আপোষের এক প্রশ্নের জবাবে বলেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার।
এ বিষয়ে স্থানীয় মানিক তালুকদার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, শিশু ধর্ষণের মূল হোতা পাওয়া গেছে সুলতানা রাজিয়া ভাইস চেয়ারম্যান ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের বিষয়টাকে ধামাচামা দিয়েছে এর সঠিক তথ্য পাওয়া গেছে। তিনি সুলতানা রাজিয়ার বিচারের দাবি জানান।
এ ব্যাপারে আপোষের ঘটনায় জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া জানান, তিনি আপোষের ঘটনায় জড়িত নন। তিনি বেশ কিছু দিন ধরে ঢাকায় অবস্থান করছেন।




















