রাঙামাটিতে ২ রিসোর্টকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, বাসি-পচা খাবার সংরক্ষণ এবং অননুমোদিত নকল মসলা ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।
বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি শহরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তামজিদ রহমান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৫২ ধারা ভঙ্গের দায়ে ‘বার্গি রিসোর্ট’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই আইনের ৩৯ ধারা ভঙ্গের দায়ে ‘রেজাং রিসোর্ট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ আওয়ালীন খালেক কাউখালী উপজেলা সদরে মোবাইল কোর্টের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার অধীন ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।






























