কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত এজাহারনামীয় পলাতক আসামি বাবুকে (২০) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-২, সিপিসি-২ (মোহাম্মদপুর, ঢাকা) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন তালাকপ্রাপ্ত নারী এবং তিনি পূর্বে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় চড়ে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছাকাছি পৌঁছালে আসামিরা অটোরিকশার গতি রোধ করে।
এরপর তারা জোরপূর্বক ভিকটিমকে অটোরিকশা থেকে নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে যায়। সেখানে মামলার ১ নম্বর আসামি রাজা (২৭), সহযোগী বিজয় (২৩) এবং ধৃত বাবু পর্যায়ক্রমে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পাশাপাশি আসামিরা ভিকটিমের সাথে থাকা স্বর্ণালংকার লুট করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংযুক্ত সংশোধনী) এর ৯(৩) ধারায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা (নম্বর-১৫) দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামিরা পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাকুন্দিয়া থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।






























