জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ২ দোকান ভস্মীভূত

জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) রাত ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঐ মার্কেটের সাইদার ইসলামের দিশারী ফার্নিচার নামক ভাড়া দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফার্নিচারের দোকানের আগুন ছড়িয়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে লাগে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মুদির দোকানেই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় তাদের আসতে বিলম্ব হয়। এতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিঘ্ন ঘটে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তারা অভিযোগ করেন।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।














