এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ কিংবা ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ অনেক সময় নীরবে শরীরে বিস্তৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে রোগ শনাক্ত হয় জটিল পর্যায়ে পৌঁছানোর পর। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কল্যাণে এখন মাত্র কয়েক মিনিটের স্বাস্থ্য পরীক্ষায় জানা যাচ্ছে সম্ভাব্য রোগঝুঁকি। এমনকি কোনো কোনো পরীক্ষায় এক মিনিটেরও কম সময়ে পাওয়া যাচ্ছে শারীরিক অবস্থার প্রাথমিক মূল্যায়ন।
হংকংভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাইভফোরওয়েল এআই প্রযুক্তিনির্ভর এমনই এক স্বাস্থ্যসেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সাতটি বিশেষায়িত এআই যন্ত্র ও নিজস্ব স্বাস্থ্যসেবা বিষয়ক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘মেডিএলএলএম’-এর মাধ্যমে শরীরের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ৫৫টির বেশি রোগের ঝুঁকি শনাক্ত করা সম্ভব। এতে প্রচলিত পরীক্ষার মতো সব ক্ষেত্রে রক্ত, প্রস্রাব কিংবা শরীরের অন্যান্য নমুনা দেওয়ার প্রয়োজন হয় না। বিশেষায়িত যন্ত্রের সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করলেই কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে পাওয়া যায় স্বাস্থ্য মূল্যায়নের প্রতিবেদন।
সম্প্রতি হংকংয়ে প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্ট সেন্টার পরিদর্শন করে এ প্রযুক্তির কার্যক্রম সরেজমিন দেখে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধিদল। চীন সফরের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিদলের সদস্যরা নিজেরাও এআই যন্ত্রের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করান।
পরিদর্শনে দেখা যায়, একটি বিশেষায়িত যন্ত্রের সামনে দাঁড়িয়ে প্রথমে সোজা হয়ে এবং পরে ডানে ও বাঁয়ে মুখ ঘুরিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। কিছুক্ষণ পরই হাতে আসছে শরীরের গঠন ও শারীরিক ভঙ্গি বিশ্লেষণের প্রতিবেদন। এমন পরীক্ষায় এক সাংবাদিকের হাঁটার সময় শরীর সামনের দিকে ঝুঁকে থাকার বিষয়টি উঠে আসে। বিষয়টি আগে তার জানা ছিল না। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা জানান, দীর্ঘদিন এভাবে হাঁটলে মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
একই কেন্দ্রে ৩২ বছর বয়সী আরেক সংবাদকর্মীর স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উঠে আসে। পরে তাকে নিয়মিত শরীরচর্চা, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত সাতটি এআইভিত্তিক যন্ত্র থেকে পাওয়া তথ্য সমন্বিতভাবে বিশ্লেষণ করা হয়। এর সঙ্গে কাজ করে তাদের নিজস্ব স্বাস্থ্যসেবা বিষয়ক এআই মডেল মেডিএলএলএম। শরীরের বিভিন্ন পরিমাপ, শারীরিক গঠন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও দৈনন্দিন অভ্যাস বিবেচনায় নিয়ে ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান ইলেকট্রিক্যাল ইম্পিড্যান্স টোমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। তিনি জানান, এ প্রযুক্তিতে শরীরের বিভিন্ন টিস্যুর বৈদ্যুতিক প্রতিবন্ধকতার পার্থক্য ব্যবহার করে অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এতে এক্স-রের মতো আয়নাইজিং বিকিরণ ব্যবহারের প্রয়োজন হয় না।
ড. রাসেল চ্যান বলেন, চিকিৎসাসংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দিতে তারা বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করছেন। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহারযোগ্য এবং পরিচালনার জন্য সব ক্ষেত্রে বিশেষজ্ঞ অপারেটরের প্রয়োজন হয় না—এমন প্রযুক্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
লাইভফোরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয়ের পরও অনেক মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে রোগ জটিল পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসা শুরু হলে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যায়। তাই রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, নতুন কোনো দেশে কার্যক্রম সম্প্রসারণের আগে সেখানকার মানুষের আয়, স্বাস্থ্যসেবার চাহিদা ও স্থানীয় বাস্তবতা বিবেচনা করা হয়। এরপর সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে সেবার মূল্য ও উপযুক্ত কার্যক্রম নির্ধারণ করা হয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা পরিবেশ সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে সহযোগিতার সুযোগ তৈরিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের ফ্ল্যাগশিপ সেবা ‘ভিআইভি পাস’-এর মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্যক্তিকেন্দ্রিক ব্যায়াম পরিকল্পনা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ পাওয়া যায়। পাশাপাশি ‘সুইট পয়েন্ট’ ও ‘ওয়েলশপ’ ব্যবস্থার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এর মূল ধারণা ‘মুভ টু আর্ন’। অর্থাৎ, সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বিনিময়ে পয়েন্ট ও পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও জানান, ২০২৫ সালে তাদের উদ্ভাবিত অ্যাপ চালুর পর ৪০টির বেশি দেশে প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। এশীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে নিজস্ব এআই প্রযুক্তির উন্নয়ন এবং স্বাস্থ্যতথ্য ভান্ডার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।
বাংলাদেশে সম্ভাবনা কতটা: বাংলাদেশে মোট মৃত্যুর সবচেয়ে বড় কারণ অসংক্রামক রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে এসব রোগে। ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে জটিলতা প্রতিরোধের সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে এআইনির্ভর স্বাস্থ্য মূল্যায়ন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ বলেন, দেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন নন। গুরুতর অসুস্থ না হওয়া পর্যন্ত অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হন না। এআই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেলে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়তে পারে। তবে রোগ শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের ভূমিকাই প্রধান। একই সঙ্গে সেবার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির মাধ্যমে পাওয়া স্বাস্থ্যঝুঁকির প্রতিবেদনকে নিশ্চিত রোগ নির্ণয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এসব প্রযুক্তির নির্ভুলতা, বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী প্রচলিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের মাধ্যমেই রোগ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বাংলাদেশের বাস্তবতায় এ ধরনের প্রযুক্তি চালুর ক্ষেত্রে সেবার মূল্য, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, প্রশিক্ষিত জনবল, অবকাঠামো এবং ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সুফল যেন শুধু উচ্চ আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটিও বিবেচনায় রাখতে হবে।





























