কর্মস্থলে ঘুমান্ত শিশুকে ইউএনও’র দোলনা উপহার, প্রশংসা

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেনের মানবিক এক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। অফিস চলাকালীন এক নারী কর্মচারীর ছোট্ট শিশু টেবিলের ওপর ঘুমিয়ে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির জন্য একটি দোলনা এনে উপহার দেন।

স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার অফিসে মায়ের সাথে আসা ওই শিশুটি ক্লান্ত হয়ে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। বিষয়টি ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেনের নজরে এলে তিনি শিশুটির আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দ্রুত একটি দোলনার ব্যবস্থা করেন এবং তা উপহার দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সংশ্লিষ্টদের মতে, দাপ্তরিক কাজের পাশাপাশি অধীনস্থ কর্মীদের পারিবারিক ও মানবিক প্রয়োজনের প্রতি এমন সংবেদনশীলতা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করে।

এর আগেও সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ, দ্রুত সমস্যার সমাধান এবং অফিসকক্ষের দরজায় “বিনা অনুমতিতে প্রবেশ করুন” বার্তার মাধ্যমে জনবান্ধব আচরণের কারণে তিনি আলোচনায় ছিলেন। স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতেও এমন মানবিক ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন।