কক্সবাজারে রামুতে নিরাপদ পানি ও স্যানিটেশন অবস্থার উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম প্রশংসনীয়

কক্সবাজারের রামু উপজেলায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দীর্ঘ মেয়াদী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উল্লেখ যোগ্য অগ্রগতি সাধন হয়েছে বলে মন্তব্য করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহিদুল আলম।
সোমবার কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে আইডাবলিউআর প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সংস্থাটির উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কক্সবাজার জেলাব্যাপী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু উপজেলার ঝুকিপুর্ন ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও হাটবাজারে টিউবওয়েল ও ওয়াশ ব্লক স্থাপন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে আচরণগত পরিবর্তন আনতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।যার ফলে অনেক পরিবার এখন নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে আগত সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে এ কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেছে।
তারা জানান, আগের তুলনায় এখন জনগন বিশুদ্ধ পানি পাচ্ছে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে আরও সচেতন হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে রামু উপজেলার সার্বিক পানি ও স্যানিটেশন পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে।























