কক্সবাজারে র্যাব-১৫ এর অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের একটি বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৬ রাত আনুমানিক ১১টায় পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকায় একটি বসতবাড়িতে আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাড়িটির বিভিন্ন স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুই (২২) নামের এক নারীকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত জেসমিন আক্তার জুই কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ আরও জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























