কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাদ ও সম্পাদক নওশাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বগঠিত কমিটিতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহাত ইসলাম সাগর দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন , আমাদের প্রতি অর্পিত আস্থার সম্মান অটুট রাখতে আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত করে কিশোরগঞ্জের ছাত্র রাজনীতিকে আরও গতিশীল, প্রগতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত রূপ দিতে নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।






























