কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান’

‘শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, “শিক্ষকরাই একটি জ্ঞানভিত্তিক সমাজ ও সমৃদ্ধ জাতি গড়ার প্রধান কারিগর।

দীর্ঘ ৬০ বছর ধরে বিশ্বজুড়ে শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়ে আসছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের উপযুক্ত সামাজিক মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।”

আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যক্ষ নুর বখত, অধ্যক্ষ হারুন উর রশীদ এবং পুলিশ পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত বিভিন্ন সমস্যা, বৈষম্য নিরসন এবং শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, শিক্ষক সমাজকে সম্মানের আসনে না বসালে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।