জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকাস্থ জাপানিজ ল্যাংগুয়েজ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইট্টু এডুকেশন’-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মো. আলামিন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ম্যানেজার সামিউল হাসান সামি।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সরকারি অধ্যাপক আব্দুল কাদের, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. আনিসুর রহমান আকন্দ এবং ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা মিনহাজ উদ্দিন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, ভাষা শিক্ষা এবং ক্যারিয়ার গড়ার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে ইট্টু এডুকেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে শেরপুর শহরের থানা মোড় এলাকায় ইট্টু এডুকেশনের কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।