জুলাই শহিদদের স্মরণে গর্জনিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াঙ্গেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ৩টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী রশিদ আহমদ সিকদার, হাজী মোহাম্মদ হোসন, মিসেস বাদশা মিয়া চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য থোনাই চাক, শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বেনজির রশিদ ও শামিমা সিকদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়ানাদ আহমেদ আদিব।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মদান যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুছা কুতুবী।