ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২০৮ জন দুস্থ ও গরিব নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং পারিবারিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















