তামাকের বদলে বিকল্প জীবিকা, ৬৫০ পরিবারে মুরগি বিতরণ করে মুক্তি কক্সবাজার

ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের বের করে এনে বিকল্প ও টেকসই কৃষিকাজে সম্পৃক্ত করার লক্ষ্যে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের ৬৫০টি কৃষক পরিবারের মাঝে দেশীয় জাতের মুরগি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাপানের অর্থায়ন ও আইভিওয়াই জাপানের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত ‘Livelihood Improvement Project (LIP) through Supporting Small-Scale Tobacco Farmers in Shifting to Sustainable Agriculture, Cox’s Bazar’ প্রকল্পের আওতায় এ মুরগি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, আইভিওয়াই জাপানের ডিরেক্টর জেনারেল মিসিও আদাচি, প্রকল্প ব্যবস্থাপক রিয়ে কুন্ড এবং আইভিওয়াই জাপানের বাংলাদেশ প্রতিনিধি।
অনুষ্ঠানে মুক্তি কক্সবাজারের প্রকল্প প্রধান মো. ওসমান গনি বলেন, ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের অন্যান্য কৃষিকাজে স্থানান্তরের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি ও বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ মুরগি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপকারভোগী পরিবারকে সাতটি করে মুরগি ও একটি করে মোরগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, উপকারভোগী পরিবারগুলো যাতে সহজেই মুরগি পালন করতে পারে, সে জন্য ইতোমধ্যে প্রতিটি পরিবারের মাঝে মুরগির ঘর তৈরির জন্য বাঁশ, কাঠ, টিন, বেড়া, নেটসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, ইউপি সদস্য মো. ওসমান গনি সওদাগর, মো. শাহজাহান সিরাজ শাকিল, এলআইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার (লাইভস্টক) ডা. ইমাম মো. আবু হেনাসহ প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তামাক চাষের পরিবর্তে কৃষকদের বিকল্প ও টেকসই কৃষিকাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আয় বৃদ্ধি, জীবিকার সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।




















