শুভ জন্মদিন
তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান

একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পথচলা শুরু। কিন্তু নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়ে পেরোতে হয়েছে দীর্ঘ ও বন্ধুর পথ। কখনো রাজনীতির উত্তাল ময়দান, কখনো কারাবাস, কখনো দীর্ঘ প্রবাসজীবন, আবার কখনো দলের নেতৃত্ব ধরে রাখার কঠিন দায়িত্ব—সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক আলোচিত অধ্যায়।
২০ নভেম্বর, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। তার এবারের জন্মদিন কেবল বয়সের আরেকটি মাইলফলক নয়; এটি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের প্রতীক। যে মানুষটি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন সরকারপ্রধানের দায়িত্বে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের পথচলা। তবে পারিবারিক উত্তরাধিকার তাকে পরিচিতি দিলেও রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে তাকে নিজের অবস্থান ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
দীর্ঘ প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যদিয়ে তার পথচলা যেমন আলোচিত, তেমনি বিএনপির নেতাকর্মীদের কাছে তার প্রত্যাবর্তন ও নেতৃত্ব নতুন আশার উপলক্ষ হয়ে উঠেছে। এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব—জনগণের প্রত্যাশাকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া।
একজন রাজনৈতিক উত্তরসূরি থেকে নির্বাচিত সরকারপ্রধানে উত্তরণের এই অধ্যায়ই তার এবারের জন্মদিনকে দিয়েছে বিশেষ তাৎপর্য।
রাজনৈতিক উত্তরাধিকার, নিজের পথ নির্মাণ
তারেক রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময়ে। তার বাবা জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। মায়ের রাজনৈতিক পথচলার সঙ্গে সঙ্গে তারেক রহমানও খুব কাছ থেকে দেখেছেন আন্দোলন, রাজনৈতিক সংঘাত, ক্ষমতার পালাবদল এবং রাষ্ট্র পরিচালনার নানা বাস্তবতা। এরশাদবিরোধী আন্দোলনের সময় মায়ের পাশে থাকা এবং ১৯৯১ সালের নির্বাচনে প্রচার-প্রচারণায় যুক্ত থাকার অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বের অংশ।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন তিনি। এরপর ধীরে ধীরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হন। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততার মধ্যদিয়ে জাতীয় রাজনীতিতে তার পরিচিতি বাড়ে।
পারিবারিক পরিচয় তাকে রাজনীতির দরজা চিনিয়েছে—এ কথা অস্বীকারের সুযোগ নেই। তবে দীর্ঘ সময় দলের নেতৃত্বের কেন্দ্রে অবস্থান, রাজনৈতিক সংকটের মুখোমুখি হওয়া এবং পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন তার নিজস্ব রাজনৈতিক পরিচয়ও তৈরি করেছে।
ওয়ান-ইলেভেন: জীবনের কঠিন বাঁক
২০০৭ সালের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। ওই সময় তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে, যা তিনি ও বিএনপি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন। এসব অভিযোগ ও মামলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়।
কারামুক্তির পর চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান তিনি। শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন। দেশের রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকলেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা অব্যাহত থাকে।
প্রবাসজীবনের এই দীর্ঘ সময়ে ব্যক্তিগত শোকও সামলাতে হয়েছে তারেক রহমানকে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। দীর্ঘদিন দেশের বাইরে থাকা অবস্থায় ভাইকে হারানোর ঘটনা তার জীবনে এক গভীর বেদনাবিধুর অধ্যায় হয়ে আসে। রাজনৈতিক অনিশ্চয়তা, পারিবারিক বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত শোক—সব মিলিয়ে প্রবাসের বছরগুলো তার জীবনের কঠিন সময় হিসেবে বিবেচিত।
২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর লন্ডনে অবস্থান করেই দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক যোগাযোগ ও রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেন।
প্রবাসে থেকে একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক জীবনের ব্যতিক্রমী অভিজ্ঞতা। সরাসরি রাজপথে উপস্থিত না থেকেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে দলের অবস্থান তুলে ধরা এবং নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেন তিনি। বিএনপির নেতাকর্মীরা এই সময়কে তার ধৈর্য ও সাংগঠনিক নেতৃত্বের পরীক্ষা হিসেবে দেখেন।
অন্যদিকে, তার রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিরোধী রাজনৈতিক পক্ষের সমালোচনাও ছিল। ফলে তার দীর্ঘ প্রবাসজীবন শুধু ব্যক্তিগত বিচ্ছিন্নতার গল্প নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, বিচারব্যবস্থা ও ক্ষমতার দ্বন্দ্বের সঙ্গেও সম্পর্কিত।
১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরা
২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তার প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে একটি বড় ঘটনা হয়ে ওঠে। ঢাকায় তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। দীর্ঘদিন পর সরাসরি দেশের রাজনৈতিক বাস্তবতায় ফিরে আসার মধ্যদিয়ে তার সামনে নতুন রাজনৈতিক অধ্যায় খুলে যায়।
দেশে ফেরার পরপরই মা বেগম খালেদা জিয়ার মৃত্যু তার ব্যক্তিগত জীবনে গভীর শোকের অধ্যায় তৈরি করে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বের প্রশ্নটিও সামনে আসে। ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এটি ছিল রাজনৈতিক উত্তরাধিকার ও দলীয় নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘদিন যে দলটি খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হয়েছে, সেই দলের পূর্ণাঙ্গ নেতৃত্ব এবার আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের হাতে আসে। তার সামনে তখন একই সঙ্গে ছিল দলের ঐক্য ধরে রাখা, নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্রক্ষমতায় ফেরার রাজনৈতিক লক্ষ্য।
নির্বাচনি নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তিনি। এরপর ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
দীর্ঘদিনের বিরোধী রাজনীতি, দলীয় নেতৃত্ব ও প্রবাস থেকে পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলোর একটি। বিএনপির জন্যও এটি ছিল দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন।
প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের পরিধি এখন দলীয় রাজনীতির চেয়ে অনেক বিস্তৃত। দেশের অর্থনীতি, প্রশাসন, আইনশৃঙ্খলা, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার সরকারের। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশার পাশাপাশি এখন তাকে দেশের সব নাগরিকের প্রত্যাশার মুখোমুখি হতে হচ্ছে।
৩১ দফা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা
বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব তারেক রহমানের রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কার্যকর করা, জবাবদিহি নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি এই কর্মসূচিতে তুলে ধরা হয়েছে।
সহযোগিতা ও সুরক্ষায় বিভিন্ন কার্ড
নির্বাচনের আগে বিএনপি যে অর্থনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে পরিবার কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কৃষি খাতের উন্নয়ন বিশেষভাবে আলোচিত হয়েছে।
সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরিবার কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের সরকারি সেবা, কৃষি উপকরণ ও আর্থিক সুবিধা সহজ করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব কর্মসূচির বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় কাজ।
তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যে রাষ্ট্র সংস্কার ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তার নেতৃত্বে সরকার এসব অঙ্গীকার কতটা বাস্তবায়ন করতে পারে, তা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নেতৃত্বের সামনে যে পরীক্ষাগুলো
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা যেমন বড় অর্জন, তেমনি এটি বড় দায়িত্বও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক খাতের শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক জবাবদিহি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন—এসব ক্ষেত্রে জনগণের প্রত্যাশা অনেক।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তার নেতৃত্বের মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড হবে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানো। দলীয় সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রতিকূল সময়ের শিক্ষা কাজে লাগিয়ে তিনি একটি স্থিতিশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
তবে রাষ্ট্র পরিচালনায় সাফল্য কেবল রাজনৈতিক জনপ্রিয়তা বা নির্বাচনি বিজয়ে নির্ধারিত হয় না। নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, বিরোধীমতের প্রতি সহনশীলতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাও একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুরুত্বপূর্ণ পরীক্ষা।
জন্মদিনে নতুন অধ্যায়ের প্রত্যাশা
তারেক রহমানের রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায়, তার পথচলায় রয়েছে পারিবারিক উত্তরাধিকার, সাংগঠনিক রাজনীতি, কারাবাস, দীর্ঘ প্রবাস জীবন, ব্যক্তিগত শোক, দলের নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পৌঁছানোর ধারাবাহিকতা। এই যাত্রার প্রতিটি বাঁক তাকে বাংলাদেশের রাজনীতির আলোচনায় রেখেছে।
বিএনপির নেতাকর্মীদের কাছে তার দেশে ফেরা ছিল দীর্ঘ অপেক্ষার অবসান। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ ছিল নেতৃত্বের ধারাবাহিকতা। আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তার রাজনৈতিক জীবনের নতুন বাস্তবতা।
জন্মদিনে তাকে ঘিরে দলীয় সমর্থকদের আবেগ ও প্রত্যাশা স্বাভাবিকভাবেই প্রবল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জ্যেষ্ঠ পুত্র। তিনি বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তিনি তার বাবা-মায়ের রক্ত ও নীতির উত্তরাধিকারী। এক সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার হাতে এসেছে। এই প্রজন্মের আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে হবে। সরকারের প্রথম বছরে তার জন্মদিনে নিজের আনন্দ জনগণের মধ্যে বিলিয়ে দিয়ে তিনি সবার স্বপ্ন পূরণ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সবচেয়ে বড় পরিচয় হবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন, তার মধ্যদিয়ে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তিনি রাজনৈতিক কর্মসূচিতে তুলে ধরেছেন, সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করানোর দায়িত্ব এখন তার সরকারের।
প্রতিকূলতার দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে পৌঁছেছেন তারেক রহমান। সামনে ইতিহাস তাকে কীভাবে মূল্যায়ন করবে, তা নির্ভর করবে এই দায়িত্ব পালনের ধরন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত এবং জনগণের জীবনে সেসব সিদ্ধান্তের বাস্তব প্রভাবের ওপর। জন্মদিনে তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সামনে তাই সবচেয়ে বড় প্রত্যাশা—রাষ্ট্র পরিচালনায় মানবিকতা, জবাবদিহি, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণের প্রতিফলন।
জন্মদিনে কর্মসূচি
এদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বাদ জুমা গুলশানের কালাচাঁদপুরে অবস্থিত দাখিল মাদরাসা ও এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
তথ্যসূত্র: জাগো নিউজ






























