তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নেয়। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতা জোরদার করে। একই ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকও সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ রাখে। নিরাপত্তাঝুঁকি মোকাবিলার পর রোববার সকালে ওয়েবসাইটটি আবার চালু করা হয়।






























