দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান দিল্লিকে জানাতেই দীনেশ ত্রিবেদীর এই সফর। সোমবার রাতে ঢাকা থেকে বিমানে দিল্লি পৌঁছান তিনি।
তবে দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যিনি রাজনৈতিক নিয়োগের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন। তার নিয়োগ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ কারণে দিল্লিতে গেলে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। অন্য পেশাদার কূটনীতিকদের মতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার প্রচলিত প্রক্রিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবারের সফরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বেশ কিছুদূর এগোলেও এখন পর্যন্ত সফরটি বাস্তবায়িত হয়নি।
অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লির বিবেচনায় রয়েছে। বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তির অন্যতম কারণ হয়ে আছে।
এ ছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।






























