দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আলোকেই সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনেই তার বিচার সম্পন্ন হবে। সেক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবেন- সেটা আমি মোটেই বিশ্বাস করি না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করেছে। বাংলাদেশের আইনেই মানবতাবিরোধী অপরাধের বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্বৈরাচারী সরকার দেশে গণতন্ত্র না থাকলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে— তা দেখানোর জন্য কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত। একই সঙ্গে মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যাও কমিয়ে দেখানোর প্রবণতা ছিল। ফলে প্রকৃত অর্থনৈতিক চিত্র আড়াল করে একটি ভ্রান্ত উন্নয়নের ধারণা তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রকৃত তথ্য প্রকাশের ফলে অতীতের সেই বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করার একটি প্রবণতা দেখা যেতে পারে। তাই জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতেই সরকার সঠিক পরিসংখ্যান প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, কপি-পেস্টের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকাসহ সারা দেশে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুতই নিবন্ধন পেয়ে যাবে।
তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।
তিনি বলেন, বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা ‘নন-পলাতক’ আওয়ামী লীগ কর্মীরা যেসব কর্মকাণ্ড করছেন, তা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়ালে তার চরম মাশুল তাদেরই দিতে হবে।
গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, চুক্তির বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আমরা কি চাই এবং কিভাবে চাই, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে। চুক্তির আলোচনার সাথে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চুক্তিগুলো কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আগেই চূড়ান্ত হয়ে থাকে।






























