নরসিংদী অজুর সময় বজ্রপাতে প্রাণ গেল কিশোরগঞ্জের ৩ মাদ্রাসা ছাত্রের

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে কিশোরগঞ্জের তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।

নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার অজুখানায় অজু করার সময় হঠাৎ বজ্রপাত হলে চার শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত অপর এক মাদ্রাসাছাত্রকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবার ও কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।