পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের সব স্বীকৃত মাদ্রাসায় সকালের অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এর আগে রাজ্যের সব স্কুলেও একই নির্দেশনা জারি করা হয়েছিল।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা অধিদপ্তরের জারি করা এক আদেশে বলা হয়, এখন থেকে রাজ্যের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাইতে হবে।
সরকারি সহায়তাপ্রাপ্ত ও সহায়তাবিহীন উভয় ধরনের স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এ নির্দেশ কার্যকর হবে। মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীন সব প্রতিষ্ঠানে এই নিয়ম মানতে হবে বলে জানানো হয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের সব স্কুলে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে।
সরকারি নির্দেশনায় বলা হয়, ক্লাস শুরুর আগে স্কুল অ্যাসেম্বলিতে ভারতের এই ‘জাতীয় গান’ পরিবেশন করতে হবে।
এক অনলাইন পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, আগের সব নির্দেশনা বাতিল করে পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগের অধীন সব স্কুলে সকালের প্রার্থনা বা অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে গানটি ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।
এ বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেও বিষয়টি রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পায়।
এর আগে ফেব্রুয়ারিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার ঘোষণা দেয় এবং সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে গানটির ছয় স্তবক গাওয়ার নির্দেশনা দেয়।






























