ময়মনসিংহে তথ্য-অপপ্রচার রোধে করণীয় শীর্ষক সভায় তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএপির আহবায়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তবে সাইবার সুরক্ষা আইন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং নারী, শিশু এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনটি আরও কার্যকর করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আইন করেই সব সমস্যার সমাধান সম্ভব নয়।তাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নৈতিক শিক্ষা বিষয়ে কাজ করা হচ্ছে। এ বিষয়ে ভিডিও কনটেন্ট ও বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান,জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহমদ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ সাজ্জাদ কবীর।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।