যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি বিশেষ অভিযানে কক্সবাজারের রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা ৫ মিনিটে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রামু বাইপাস, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৫ (সিপিএসসি, কক্সবাজার) সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ-পরবর্তী ছুটির সুযোগ কাজে লাগিয়ে একটি বড় মাদকের চালান চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‍্যাবের আভিযানিক দল।

তল্লাশিকালে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাকির হোসেন (৫০)নূর নাহার (৪৩) তারা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে স্বামী-স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে তারা এই পাচার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

র‍্যাব-১৫ এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক পাচার রোধে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে উৎসব বা ছুটির সময় অপরাধীদের তৎপরতা বেড়ে গেলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।