রংপুরের পীরগঞ্জে কৃষকের র*ক্তাক্ত ম*রদে*হ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে গভীর নলকুপের ঘর থেকে এক কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রাম সংলগ্ন থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মফিজার রহমান (৪৫) বিএডিসি সেচ মালিক মোঃ আমজাদ আলীর পুত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মফিজার রহমান বুধবার দিবাগত রাতে নিজেদের বিএডিসির গভীর নলকুপের সেচপাম্প ও বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারার দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রতিদিনের ন্যায় বাড়ি সংলগ্ন উমরপুর মাঠে বিএডিসির সেচ ঘরেই তিনি অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশী শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচ ঘরের দরজা খোলা ও বৈদ্যুতিক ট্রান্সফরমার মাটিতে পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে সেচ ঘরের ভিতরে গিয়ে মফিজার রহমানের হাত পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে সংবাদ দেয়।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ৩টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, ঘটনার তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি জড়িতদের দ্রত চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হবে।


















