রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে আটক সুমন তঞ্চঙ্গা রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা গেছে, সুমন তঞ্চঙ্গা তার চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ পরিচয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেন। আবেদনে প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে একটি জাল উত্তরাধিকার সনদ দাখিল এবং মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পান। পরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ ব্যবহার ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সুমন তঞ্চঙ্গাকে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযুক্তের এ ধরনের কর্মকাণ্ড ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারার লঙ্ঘন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।