রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ১২কেজি পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‌্যাব-৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫। গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাতে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক সদৃশ গান পাউডার ও কাঁচের গুঁড়া জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল রাত ৯:৩০ মিনিটে বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগগুলো তল্লাশি করে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়। উদ্ধারকৃত এসব আলামত ককটেল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। জব্দকৃত সরঞ্জামগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, র‌্যাবের জব্দ করা আলামত আদালতে জমা দেওয়া হবে। জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত হবে। জড়িত কাউকে শনাক্ত করা গেলে তখন এ ব্যাপারে মামলাও হবে।