লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ২ মাসের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কেটে প্রতিবেশীর বসতবাড়ি ঝুঁকিতে ফেলার অভিযোগে শাহীন আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

​সাজাপ্রাপ্ত শাহীন আলম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।

​স্থানীয় ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, শাহীন আলম দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে খাল খনন করে আসছিলেন। এতে তাঁর এক প্রতিবেশীর বসতবাড়ি চরম হুমকির মুখে পড়ে। খবর পেয়ে তুষভাণ্ডার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দু’বার ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করেন। তবে প্রশাসনিক নির্দেশ অমান্য করে শাহীন আলম মাটি কাটা অব্যাহত রাখেন।

​পরবর্তীতে স্থানীয় ও লিখিত অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাহীন আলমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জনস্বার্থে এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।