সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসা এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করেন বিজিবি সদস্যরা। পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট শনাক্ত করা হয়।
পরে প্যাকেট দুটি উদ্ধার করে তাতে ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। আটক ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা শাহ গোলাম হোসেন (৪৩)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।



























