“সাভারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সাভার উপজেলায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন ২০২৬) সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, সাভারের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালার উদ্বোধন করেন জনাব আব্দুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি), সাভার, ঢাকা। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এ সেবার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।
কর্মশালাটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল ফারুক গাজী। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ঢাকা জেলার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায় ও আছমা উল হোসনা, সাভার উপজেলা ইউআরটি সদস্যবৃন্দ, ১০টি সমমনা এনজিওর প্রতিনিধিগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাভার প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা জোরদার, অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলুন যাই গ্রাম আদালতে”—এই বার্তাকে সাধারণ মানুষের মাঝে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


















