সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার জেলা সদরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি এবং এসআরবি-১১-এর সদর কোম্পানির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত জহির ফকিরকে ঘিরে ধরে। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে মামলার অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
























