চাঁদপুর–২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী ইসরাত জাহান বিন্দু

চাঁদপুর–২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু। শুক্রবার এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বক্তব্যে তিনি জানান, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে মনোনয়ন প্রদান করে। এরই অংশ হিসেবে চাঁদপুর ২৬১ নম্বর আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে তাকে মনোনীত করা হয়েছিল। সম্প্রতি তিনি নিজ আসন চাঁদপুর–২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে জুলাই আন্দোলনের সহযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সকলের প্রতি সম্মান জানিয়ে ইসরাত জাহান বিন্দু জানান, নানা বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ না নিলেও দেশের সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব অবশ্যই নিশ্চিত হবে—আজ না হলে আগামীকাল।”
এদিকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত ক্রাউডফান্ডিং নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি। যেসব সমর্থক অনুদান প্রদান করেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, কেউ যদি অনুদান ফেরত নিতে চান, তবে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য তিনি সমর্থকদের কিছু সময় দেওয়ার অনুরোধ জানান।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। সম্মান, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সবই তাঁর হাতে।” এ সময় তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ইসরাত জাহান বিন্দুর এই সিদ্ধান্তে চাঁদপুর–২ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।






























