সুনামগঞ্জের শান্তিগঞ্জে
বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে এক হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন।
গত মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুর ১২টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল কক্ষে আয়োজিত আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. তাজুদ আলীর সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজীনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন।
তিনি বলেন, শিক্ষা উপকরণ শুধু পড়ার সামগ্রী নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস ও আগ্রহ, স্বপ্ন পুরনের পথপ্রদর্শক। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে স্বপ্নের বাংলাদেশ গড়বে। তাদের অগ্রযাত্রায় সহায়তা করা মানে দেশের উন্নয়নে বিনোয়াগ করা।
তিনি আরও বলেন, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন,মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নেজাবুল ইসলাম,গাজীনগর গ্রামের তরুণ সমাজসেবক জিয়াউর রহমান,এইচ,এম শামসুর নুর ও প্রভাষক সেলিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের গঠনমুলক দিকনির্দেশনা এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ তাদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করে তোলে। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
পরে অতিথিবৃন্দ একে একে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। আর্থিক সহায়তা পেয়ে ছাত্ররা উচ্ছ্বাস প্রকাশ করে। অনেক অভিভাবকরাও জানান, এমন উদ্যোগ তাদের পরিবারের আর্থিক চাপ লাঘব করে এবং সন্তানদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে।
অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এছাড়াও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য আবুল ফয়েজ, যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী শাওন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সায়েরা বেগম, সহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীরা।





























