সাতক্ষীরায় সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়। বক্তব্য দেন আলী শাহীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম হোসেন, সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, সুধাংশু শেখর, জামাল হোসেনসহ অন্যরা।

সভায় মৌমি কুইন সাথী বলেন, ‘কথায় নয়, কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।’ তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকারীদের কারও কারও বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে। তিনি যেন কখনো মানুষের সঙ্গে এমন আচরণ না করেন, সে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

ভোটের আগে তাঁকে কাছ থেকে দেখে ও যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চান।
তিনি আরও বলেন, এলাকার যেকোনো সমস্যা তাঁকে নির্দ্বিধায় জানানো যাবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরও অটুট থাকবে।

অন্যায় ও অসাধুউপায় কোনোভাবেই প্রশ্রয় দেবেন না বলেও জানান তিনি। এলাকার উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

নাগরিকদের দুর্ভোগ লাঘবে দিন-রাত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মৌমি কুইন সাথী বলেন, পৌরসভা, সরকারি হাসপাতাল, ক্লিনিক, থানা কিংবা অন্যান্য সরকারি দপ্তরে প্রয়োজন হলে তাঁকে পাশে পাওয়া যাবে। গত দুই বছর ধরে এলাকাবাসীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও মুরুব্বিদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।

এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সভা শেষ হয়।