ঝালকাঠির কাঠালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ ছাত্রদল নেতার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের একটি ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিযানের সময় সুজন নামে এক মাদক ব্যবসায়ী কাঠালিয়া থানার এএসআই রতন চন্দ্রকে কামড়ে আহত করে, এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার ফেসবুকে এক স্ট্যাটাসে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করেন। তার স্ট্যাটাসে তিনি লিখেন, “কাঠালিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।”

এর কিছুক্ষণ পর তিনি আহত এএসআই রতন চন্দ্রের ছবি প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “ইয়াবা ব্যবসায়ীর কামড়ে আহত কাঠালিয়ার এএসআই রতন দাদা। মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এবার ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকবিরোধী অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে এমন কঠোর বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের মতে, তরুণ সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো একসঙ্গে এগিয়ে এলে এলাকায় মাদক নির্মূলে জনসচেতনতা আরও বাড়বে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।