ফেসবুক পোষ্টের মাধ্যমে ২২ বেদে পরিবার পেল ঈদ উপহার

রাত পোহালেই ঈদ, নেই কোন তাদের মধ্যে ঈদের আমেজ। প্রতিদিনের মত ঈদের দিনও খেতে হতো সাধারণ খাবার। ঈদের পূর্বে অনেকেই তাদের সহায়তার কথা বলেও শেষ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি তাদের পাশে।

এমন তথ্যের ভিত্তিতে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর তীরে অস্থায়ী বেদে পল্লীতে বেলকুচি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু মুছা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, সিনিয়র সদস্য উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু তথ্য সংগ্রহের জন্য গেলে বেদে পরিবারে ঈদ কেমন কাটবে এমন ভিডিও ধারন করে সোসাল মিডিয়ায় প্রকাশিত হলে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সবুজ সরকার তার নিজের ফেসবুকে পোষ্ট করলে সমাজকর্মী মামুন বিশ্বাসের বিষয়টি নজরে আসে।

পরে শুক্রবার সকালে বেদে অস্থায়ী পল্লীতে ঈদ উপহার সামগ্রী নিয়ে হাজির হন সাংবাদিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস। এ সময় বেদে ২২ পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, তৈল, মুরগি, দুধ, লাচ্ছা, পেয়াজ, আলুসহ মোট ১৮ টি আইটেম দেওয়া হয়।

এবং বেদের প্রতিটি পরিবারের সদস্যদের লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, শার্ট, প্যান্ট, নামাজের টুপি, থ্রি পিস তাদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফাসহ বেলকুচি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ২২ বেদে পরিবার ঈদে কোন সহায়তা পাইনি ফেসবুকে এমন একটি ভিডিও নজরে আসলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য উদ্যোগ নেই।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই পরিবার গুলোর মাঝে দ্রুত ঈদ উপহার তুলে দেওয়া হয়। যারা অর্থ দিয়ে এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।