নওগাঁর মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ সরঞ্জাম ভস্মীভূত

নওগাঁর মান্দা উপজেলায় গভীর রাতে একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে অফিসের আসবাবপত্রসহ পাশের দুই টি দোকান ঘরের বিভিন্ন জিনিস পত্র সহ সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে নেতা-কর্মীরা অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অফিসের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।

এতে মুহূর্তের মধ্যেই আগুন পুরো অফিসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের ভেতরের আসবাবপত্র ও নথিপত্র ভস্মীভূত হয়ে যায়।

আজ শনিবার সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও ভালাইন ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস সামাদ সরদার, সাধারণ সম্পাদক রওশন আলম এবং সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ও প্রচার সম্পাদক সালেহ আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ধারণা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা-কর্মী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান: ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।