৬ দফা দাবিতে খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি নোটিশের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। রোববার (৭ জুন) সকাল থেকে ৬ দফা দাবিতে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণাও দেন তারা।
খুমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক। তারা হাসপাতাল প্রাঙ্গণে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
ইন্টার্ন চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা।
এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন ও সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
এদিকে হঠাৎ কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীসেবায় আংশিক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






















