নেত্রকোণায় খালিয়াজুরী ইউএনও অফিসে অগ্নিকাণ্ড

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোরে ইউএনও কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরাও যান ঘটনাস্থলে। পরে তারা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।