সাতক্ষীরার নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ঘোষণা

আসন্ন নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাকে নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় নূরনগর তানভীর কনভেনশন সেন্টারে নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা গোলাম মোস্তফার নাম ঘোষণা করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এস এম ফজলুল হক, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ বিভাগ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।