সাতক্ষীরার ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র’, যা স্থানীয়ভাবে ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত। পর্যটকদের সুবিধার্থে এখানে সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার জায়গা এবং ইন্টারনেট সুবিধাসহ নানা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগর মৌজায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর তীরে প্রায় ১৫০ একর জমিজুড়ে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। মূলত নদীর ভাঙন রোধে চরের জমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যানগ্রোভ বনটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে, যা থেকে একদিকে যেমন সরকারি রাজস্ব আয় হচ্ছে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।

পর্যটন কেন্দ্রটিতে সারা বছরই জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পারিবারিক উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। সুন্দরবনের আদলে গড়ে তোলা এই বনে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী ও হরকচাসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রয়েছে।

বনের পাশেই প্রায় ১০ একর জায়গাজুড়ে রয়েছে মনোরম ‘অনামিকা লেক’, যেখানে দর্শনার্থীদের জন্য শান বাঁধানো ঘাট ও বসার স্থান তৈরি করা হয়েছে। পুরো বন ঘুরে দেখার জন্য ভেতরে রয়েছে ট্রেইল ব্যবস্থা এবং লেকে নৌভ্রমণের জন্য বোটের সুবিধা। এছাড়া পর্যটকদের বাড়তি আনন্দের জন্য ঘোড়ায় চড়া, শিশুদের বিভিন্ন রাইড এবং ইঞ্জিনচালিত ট্রলারে চড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ রয়েছে। রাত্রিযাপনের সুবিধাসহ আরও কিছু উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে। মাত্র ২০ টাকা প্রবেশ ফির বিনিময়ে দর্শনার্থীরা এই কেন্দ্রটি উপভোগ করতে পারেন, যার পুরো অর্থ সরকারি রাজস্ব তহবিলে জমা হয়ে কেন্দ্রটির উন্নয়নেই ব্যয় করা হয়।

পর্যটন কেন্দ্রটির ম্যানেজার সোহেল রানা জানান, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। নদীর তীরে অবস্থিত হওয়ায় এখান থেকে ভারতের টাকি পৌরসভার দৃশ্যও উপভোগ করা যায়, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করতে আসা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, “সব বয়সী মানুষের উপযোগী বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এখানে নতুন করে একটি মুক্তমঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে একসাথে ৫০-৬০ জন পর্যটক বসে সেমিনার বা যেকোনো অনুষ্ঠান করতে পারবেন। নতুন করে একটি ছবি তোলার জন্য প্রজাপতি পয়েন্ট, বাচ্চাদের জন্য নতুন নতুন খেলার সামগ্রী আনা হয়েছে এবং নদীতে নামা ও নৌকা ভ্রমণের জন্য অনেক টাকা ব্যয়ে একটি ঘাট নির্মাণ করা হয়েছে।