আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রান্তিক জনগণের দোরগোড়ায় অল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করার লক্ষ্যে আজ সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে এক বিশেষ সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।

​“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ প্রায়শই ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিয়ে থানা বা উচ্চ আদালতে গিয়ে দীর্ঘ সময় ও বিপুল অর্থ অপচয় করেন।অথচ গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদেই নামমাত্র খরচে এবং অত্যন্ত দ্রুত সময়ে এসব বিরোধের আইনি ও সঠিক সমাধান সম্ভব।গ্রামীণ জনগণের আইনি অজ্ঞতা দূর করতে এবং গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়াতে আজকের এই সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

​ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের কাছে এত সহজে ও কম খরচে বিচার পাওয়ার এই ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এখন থেকে যেকোনো ছোটখাটো বিরোধ নিজেদের ইউনিয়ন পরিষদেই মীমাংসা করার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে দেশব্যাপী এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে, যা দেশের বিচার ব্যবস্থার ওপর থেকে মামলার চাপ কমাতে এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনন্য অবদান রাখবে।