ময়মনসিংহে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে মসিক প্রশাসক রোকন

ময়মনসিংহ শহরে টানা ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরপাড়া, সানকিপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ দেখা দেয়।
জলাবদ্ধতা নিরসনে (বুধবার) সকালে মাঠে নামেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি জলাবদ্ধ এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।পরে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পরিচালিত অভিযানে ড্রেন ও খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথ উন্মুক্ত হয়।প্রশাসক রোকনোজ্জামান রোকন বলেন,নগরবাসীর দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা ও দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের এ উদ্যোগে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গতরাত সাড়ে ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় জেলায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ বছরে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত।






























