উখিয়ায় স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় র‍্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার একমাত্র এজাহারনামীয় প্রধান আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকার তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে র‍্যাব-১৫ ও র‍্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম নিহত হয়। এ ঘটনায় অপর ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।

ঘটনার পর এহেছানুল হক আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদর ও র‍্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার এহেছানুল হক কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের নুর আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।