ময়মনসিংহের গৌরীপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ১২

ময়মনসিংহের গৌরীপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘এম.কে সুপার’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে থেকে আসা নান্দাইলগামী মাছের খাদ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে বাসের যাত্রী ও পিকআপ চালকসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক রাখে। পরবর্তীতে ময়মনসিংহ জেলা পুলিশের একটি ক্রেন এনে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মহাসড়কে যানজট এড়াতে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করে এবং ক্রেনের সাহায্যে গাড়ি দুটিকে সড়ক থেকে সরানো হয়।

ঘটনায় কেউ নিহত হননি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।