কুড়িগ্রামের রাজারহাটে ৬শতাধিক শিক্ষার্থীর  মাঝে চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারহাটে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, নাজিমখান ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাজিমখান ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম বকসী (বাদশা)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (আতিক)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নাজিমখান স্কুল এ্যাড কলেজের ৬শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।