কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে দলীয় কার্যালয়ে জবি ছাত্রদল নেতা সুমন সরদার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে কেন্দ্রীয় ছাত্রদলের কার্যালয়ে গেছেন জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের কাছে নোটিশের জবাব দেন এবং সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের পরিপ্রেক্ষিতে জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এ বিষয়ে সুমন সরদার বলেন, “আমি কেন্দ্রীয় ছাত্রদলের কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের উপযুক্ত জবাব দিয়েছি। এখন দলের হাইকমান্ড বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন।”

ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না দাবি করে সুমন সরদার বলেন, “ঘটনার বিষয়ে জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি সেখানে গিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলি। পরে তাদের মধ্যে সমঝোতা করিয়ে একসঙ্গে বসে চা খাওয়াই এবং বিষয়টি মীমাংসা করে তাদের বিদায় দিই।”

তিনি আরও বলেন, “বর্তমানে ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নেই। সব পর্যায়ের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানে রয়েছেন।”

দলীয় সূত্রে জানা গেছে, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সুমন সরদারও নির্ধারিত প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনা করছে সংগঠনটি।