নওগাঁর বদলগাছীতে দুর্গাপূজা উপলক্ষে ৪৫০ অসহায়ের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার প্রায় ৪৫০ জন অসহায় মানুষের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের দুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

















