দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে হোসেনপুর থেকে ধাওয়া করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকায় তাঁদের আটক করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পরান পয়েলা গ্রামের মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার ধুনট উপজেলার আমনগড় গ্রামের আ. মালেক ওরফে ছালেক (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা রাস্তার ওপর ৮ থেকে ৯ জনের একটি আন্তজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। এ সময় তাদের কাছে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র ছিল।

পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের পিছু ধাওয়া করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকায় চারজনকে আটক করে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।