সাজেকে ১২ ঘন্টা সড়ক অবরোধ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির

সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া ও পর্যটকদের জিম্মি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ রোববার সকাল ৬ ঘটিকা হতে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত সাজেকে দিনব্যাপি অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
শনিবার ( ৩১ অক্টোবর) রাতে দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি পক্ষে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সদস্য সচিব বিন্দু লাল চাকমা এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য সন্ত্রাসীরা সাজেক পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। গত ১১ অক্টোবর থেকে ক্রমান্বয়ে চলা অযৌক্তিক অবরোধের ধারাবাহিকতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সাজেক সহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকার প্রতিবাদে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।
তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। কমিটির পক্ষ থেকে যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক এবং সাধারণ জনগণকে অবরোধ চলাকালে সড়কে যানবাহন না চালানোর অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে, সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি সাজেকে সশস্ত্র কার্যক্রম বন্ধ করা, সন্ত্রাসী গোষ্ঠী গুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হচ্ছে।






























